শিক্ষা ও ক্যারিয়ার

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

শিক্ষা ও ক্যারিয়ার ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ৩০ জুলাই ২০২৬;  আপডেট: ২৩:২৪, ৩০ জুলাই ২০২৬

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

গেস্ট অব অনার অর্থি আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিশ্ববিদ্যালয় পরিবার।

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো নবীনবরণ অনুষ্ঠান। ফল ২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ আয়োজনে 'গেস্ট অব অনার' হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক কর্মী, নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক অর্থি আহমেদ।

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. পারভীন হাসান, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন জনাব কাজী জাহেদুল হাসান, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, নবাগত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সম্মানিত অতিথি অর্থি আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন, উপাচার্য এবং প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ওপর জোর দেন কাজী জাহেদুল হাসান।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা।

এ ছাড়া, একাডেমিক কার্যক্রম, পাঠক্রম এবং ভবিষ্যৎ পেশাগত সম্ভাবনা তুলে ধরেন বিভিন্ন বিভাগের প্রধানরা। একইসঙ্গে, ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবন ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পায় নবাগত শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুন্নি বসাক এবং যৌথ নৃত্য পরিবেশন করেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগের স্নেহা নেওয়াজ ও ফাহমিদা প্রেমা। সংগীত পরিবেশন করেন স্যোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী স্নেহা পাল। 

একইসঙ্গে, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বর্ষাবরণ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বাহারি খাবারের আয়োজন অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি।