রাজনীতি

চীনা প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে অভ্যর্থনা ট্রাম্পের

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ০১:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬;  আপডেট: ০১:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চীনা প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে অভ্যর্থনা ট্রাম্পের

এ সফরের মধ্য দিয়ে এক দশকের বেশি সময় পর প্রথমবারের মতো কোনো চীনা প্রেসিডেন্ট হোয়াইট হাউসে গেলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আনুষ্ঠানিক সফরের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী ম্যালানিয়া ট্রাম্প চীনা প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে হোয়াইট হাউসে স্বাগত জানান। তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট শি।

এ সফরের মধ্য দিয়ে এক দশকের বেশি সময় পর প্রথমবারের মতো কোনো চীনা প্রেসিডেন্ট হোয়াইট হাউসে গেলেন। এ উপলক্ষ্যে হোয়াইট হাউসে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করা হবে।

স্বাগত বক্তব্যে শি জিনপিং বলেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি সুন্দর দেশ সফরে আসতে পেরে খুব আনন্দিত। আপনার উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’

তিনি আরও বলেন যে, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখাসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করাই মূল লক্ষ্য। এ সময় উভয় দেশ এবং দেশের জনগণই দারুণ বলে মন্তব্য করেন তিনি। 

এদিকে, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে তিনি ‘গর্বিত’ বলে সাংবাদিকদের উদ্দেশ্য মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 

তিনি বলেন, ‘২০১৬ সালে আমার প্রথম নির্বাচনের পরই আমি শি’র সঙ্গে দারুণ একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলি, যা গড়ে উঠেছিলো পরস্পরের প্রতি সম্মান এবং আমাদের জনগণের কল্যাণের প্রতি উভয় মধ্যে বিরাজমান আগ্রহের ভিত্তিতে।’

এ অবস্থায় একটি উন্নত ভবিষ্যতের জন্য তারা তাদের এ সম্পর্ক বজায় রাখবেন বলে মন্তব্য করেন ট্রাম্প। একইসঙ্গে, দেশ দুটির মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে যে অগ্রগতি হয়েছে, সে বিষয়টিরও প্রশংসা করেন তিনি।

হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক শুরুর আগে উভয় দেশের নেতারা।

বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত আলোচনায় উভয় দেশের নেতাদের মধ্যে নিরাপত্তা, প্রযুক্তি, এআই নিয়ে আলোচনা হতে পারে বলে ট্রাম্প জানান।

একইসঙ্গে, আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্যি সম্পর্ক প্রতিষ্ঠার উদ্দেশ্যে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে চীনা বাজারে মার্কিন কৃষক ও ভূমি মালিকদের একটি অবস্থান তৈরির বিষয়টি গুরুত্ব পাবে বলে মার্কিন প্রেসিডেন্ট জানান।

এদিকে, উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মারক হিসেবে যুক্তরাষ্ট্রকে এক জোড়া পান্ডা উপহার দেওয়া হবে বলে প্রেসিডেন্ট শি জানান। খুব শিগগিরই চীন থেকে পান্ডা দু’টি যুক্তরাষ্ট্রের আটলান্টার একটি চিড়িয়াখানায় আনা হবে বলে উল্লেখ করেন তিনি।

একইসঙ্গে, সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে ১ লাখ তরুণ মার্কিনীকে বেইজিংয়ে আমন্ত্রণ জানানোর চীনা পরিকল্পনার কথাও তুলে ধরেন দেশটির প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে পরবর্তী ৫ বছর তারা চীনে পড়াশোনার সুযোগ পাবে বলে শি জানান।

উল্লেখ্য, চীনা প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণের ঘটনায় খোদ নিজ দলের সমালোচনার মুখেই পড়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তবে, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এ দেশ দুটির প্রধানদের সাক্ষাৎ না করাই বরং একটি ‘অবিবেচকের মতো’ কাজ হতো বলে পাল্টা যুক্তি দেখিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সূত্র : ডয়চে ভেলে, বিবিসি, আল-জাজিরা।