ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত হয়ে ৪৪ জন আহত
নাশকতার আশঙ্কা
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩:১০, ১৩ সেপ্টেম্বর ২০২৬; আপডেট: ২৩:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনাস্থল ক্লেয়নে গতকাল শনিবার ঘটনা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
ফ্রান্সের নরম্যান্ডিতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৪৪ জন আহত হয়েছে। ঘটনার পর লাইনে একখণ্ড রেলের পাত পাওয়া গেছে। ফলে, এটি নাশকতা কিনা, সেটি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। গতকাল শনিবার দেশটির পুলিশের তরফ থেকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) এ তথ্য জানানো হয়।
গত শুক্রবার আঞ্চলিক এ ট্রেনটি নরম্যান্ডির রুয়ো থেকে ১৮৬ জন যাত্রী নিয়ে কেনের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় ফ্রান্সের উত্তরপশ্চিমাঞ্চলের সিন নদীর তীরবর্তী ক্লেয়ন এলাকায় এটি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর লাইনে রেলের একটি পাত পাওয়া যায় বলে পুলিশের এক মুখপাত্র জানায়। ফলে, এটি নাশকতার সঙ্গে সম্পর্কিত থাকতে পারে, পুলিশ এটি সন্দেহ করছে বলে জানানো হয়। তবে, এ বিষয়ে তদন্তের পর সঠিক কারণ উদঘাটিত হবে বলেও জানানো হয়।
এর আগে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য ফ্রান্সের আইন বিভাগ থেকে সতর্ক করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়।

উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে প্যারিসের দক্ষিণে একটি ট্রেন দুর্ঘটনায় ৭ জন প্রাণ হারায়। ২০১৫ সালে ফ্রান্সের স্টারবার্গে একটি দ্রুতগতির টিজিভি ট্রেন পরীক্ষার সময় লাইনচ্যুত হয়ে ১১ জন নিহত হয়।
আর, অতি সম্প্রতি অর্থাৎ চলতি বছরের জানুয়ারিতে স্পেনের দক্ষিণে দ্রুতগতিসম্পন্ন দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪৬ জন নিহত ও ১০০ এরও বেশি যাত্রী আহত হয়। আন্দালুসিয়ার আঞ্চলিক সরকার সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্র : সিএনএন।



