অন্যান্য

গির্জায় হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে জর্ডান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৯, ২৬ অক্টোবর ২০২৬;  আপডেট: ২১:৫০, ২৬ অক্টোবর ২০২৬

গির্জায় হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে জর্ডান

কারাক প্রদেশের হামুদ গ্রামের এই গির্জাটিতেই হামলা চালানো হয়। ছবি : ডয়চে ভেলে।

জর্ডানের একটি গির্জায় হামলার ঘটনায় সন্দেহভাজন তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে জর্ডানের পুলিশ। আজ সোমবার তাদের গ্রেফতার করা হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়। গত শুক্রবার জর্ডানের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় হামলার এ ঘটনা ঘটে।

জর্ডানের রাজধানী আম্মান থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের কারাক প্রদেশে বিরল এ হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৮ জন নিহত ও দুই ডজনেরও বেশি মানুষ আহত হয়। ‘উগ্রবাদী সন্ত্রাসীরা’ এ হামলার সঙ্গে জড়িত বলে জর্ডান সরকারের পক্ষ থেকে জানানো হয়।

কিন্তু, কোনো দল বা গোষ্ঠী থেকে এখনও এ হামলার দায় স্বীকার করা হয় নি। সরকারের পক্ষ থেকেও সরাসরি কোনো দলকে এ হামলার জন্য দায়ী করা হয় নি।

তবে, হামলাকারী ৩ জনই জর্ডানের নাগরিক বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মাজিন আল-ফারাইয়াহ। এ বিষয়ে তিনি বলেন, ‘দেশে চরমপন্থী সন্ত্রাসীদের উত্থানের শুরুতেই আমরা তাদের চিহ্নিত করতে সক্ষম হয়েছি। আমাদের দেশের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টার মধ্য দিয়ে তাদের আটকে সক্ষম হয়েছে।’

এদিকে, সন্ত্রাসীরা কারাক প্রদেশের আল-জাদেদা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে ছিলো বলে জর্ডানের জননিরাপত্তা প্রধান জানান। এ সময় তারা আত্মসমর্পন করতে অস্বীকৃতি জানায় এবং পুলিশকে লক্ষ্য করে হামলা করে। তখন পুলিশ পাল্টা গুলি চালায় এবং সন্ত্রাসীদের গ্রেফতারে সক্ষম হয়।

তবে, হামলা, পাল্টা-হামলার এ ঘটনায় সন্দেহভাজন এ সন্ত্রাসীরা আহত হয় এবং এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জননিরাপত্তা প্রধান জানান। এ সময় সন্দেহভাজন এ সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্্রা জানায়।

হাসপাতালে আহতদের দেখতে যান জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ। ছবি : ডয়চে ভেলে।

এদিকে, গ্রেফতার হওয়া এ হামলাকারীরা একই পরিবারের সদস্য এবং তাদের মধ্যে দু’জন আপন ভাই। তবে, তাদের সঙ্গে অন্য কোনো দলের সম্পৃক্ততা পাওয়া যায় নি। আজ সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা।

হামলার বিষয়ে তদন্ত হচ্ছে বলে আজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আল-ফারাইয়া জানিয়েছেন। এ সময় তিনি আরও বলেন, ‘এ সন্ত্রাসী কাজের সঙ্গে যে বা যারাই জড়িত আছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। জর্ডানে আমরা আর কখনোই এ ধরনের হামলা সহ্য করবো না।’

একইসঙ্গে, জর্ডানের সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ওপর অপ্রত্যাশিত এ হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শক্ত হাতে প্রতিহত করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির রাজা দ্বিতীয় আব্দুল্লাহ। গত শনিবার হামলায় আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এদিকে, হামলার নিহতদের স্মরণে গত শুক্রবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন জর্ডানের প্রধানমন্ত্রী জাফর হাসান। এ সময় সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

একইসঙ্গে, গত রবিবার কারাক প্রদেশে হামলায় নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। এ সময় নিহতদের কফিন জর্ডানের পতাকায় ঢাকা ছিলো এবং ব্যাপক মানুষের সমাগম এবং বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীয় উপস্থিতিতে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়।

উল্লেখ্য, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানের কারাক প্রদেশে বহু সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায় বাস করে। জর্ডানের মোট জনসংখ্যার ২ থেকে ৩ শতাংশ খ্রিস্টান।

সূত্র : আল-জাজিরা।