শিক্ষা ও ক্যারিয়ার

তিন গুণীকে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সম্মাননা

শিক্ষা ও ক্যারিয়ার ডেস্ক

প্রকাশিত: ০১:২০, ৫ নভেম্বর ২০২৬;  আপডেট: ০১:৪৭, ৫ নভেম্বর ২০২৬

তিন গুণীকে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সম্মাননা

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের তিন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়।

বাংলাদেশের তিন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানিয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। সমাজ, শিক্ষা, চিকিৎসা, জ্ঞানচর্চা ও মানবিক কল্যাণে অসামান্য অবদানের জন্য মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন, প্রখ্যাত শিক্ষাবিদ ও আলোকিত সমাজের স্বপ্নদ্রষ্টা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ এবং চিকিৎসক ও মানবসেবী ডা. সায়েবা আখ্তারকে এ সম্মাননা জানানো হয়। 

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সম্মাননা জানানো হয়। তিন গুণীজনকে উত্তরীয় পরিয়ে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। 

শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের পক্ষে সম্মাননা নেন তার জ্যেষ্ঠ কন্যা লুনা সায়ীদ। এ সময় তিনি তার বাবার সঙ্গে শৈশব-কৈশোরের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‌বাবা সবসময় কাজেই ব্যস্ত থাকতেন। ফলে, আমরা বাবাকে খুব একটা কাছে পাইনি। 

তিনি আরো বলেন, বাবা সবসময় সৎ জীবনযাপন করেছেন। কাজটা খুব কঠিন। তবুও, আমরাও সেটা ধারণ করেছি। 

উপস্থিত শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করে জীবনে বড় কিছু করার আহ্বান জানান মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন। একইসঙ্গে, ভবিষ্যতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের বড় অবদান রাখতে দেখবেন বলেও এ সময় আশা প্রকাশ করেন তিনি। 

অনুষ্ঠানে নিজের পেশাগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন ডা. সায়েবা আখ্তার। এ সময় তিনি গ্রামীণ এলাকার নারীদের প্রসবকালীন ও প্রসব-পরবর্তী স্বাস্থ্য সমস্যার কথা জানান। 

শিক্ষার্থীদের উদ্দেশে ডা. সায়েবা আখ্তার বলেন, ‌তোমরাও জীবনে কখনো কারো জন্য কিছু করার সুযোগ এলে তা হাতছাড়া করবে না।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন অধ্যাপক ড. পারভীন হাসান। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সমাজ যদি গুণী ব্যক্তিদের স্মরণ না করে, কৃতজ্ঞতা প্রকাশ না করে, তাহলে ওই সমাজে জ্ঞানী-গুণী মানুষ আর তৈরি হবে না। তাই আমরা সবসময়ই আমাদের দেশের জ্ঞানী-গুণীজনদের সম্মাননা জানানোর চেষ্টা করি। 

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সম্মাননা পাওয়া গুণীজন এবং আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে তিন গুণীজনের বর্ণাঢ্য কর্মজীবনের ওপর নির্মিত তিনটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের উদ্দেশে লিখিত সম্মাননা স্মারকপত্র পাঠ করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন সজীব সরকার, ড. হামিদা হোসেনের উদ্দেশে লিখিত সম্মাননা স্মারকপত্র পাঠ করেন বিবিএ বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক অমৃতা বিশ্বাস এবং  ডা. সায়েবা আখ্তারের সম্মাননা স্মারকপত্র পাঠ করেন ইং‌লিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগের প্রভাষক পিংকি দাস মুক্তা। 

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক আশরাফুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। 

সংবাদ বিজ্ঞপ্তি।