বুলগেরিয়ায় বেশ কয়েকটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে নিহত কমপক্ষে ১২
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২:৫৪, ১০ নভেম্বর ২০২৬
মহাসড়কে দ্রুত গতির যানগুলো একটি আরেকটির সঙ্গে সজোরে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। ছবি : ডয়চে ভেলে।
বুলগেরিয়ায় একটি মহাসড়কে কয়েকটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়।
বুলগেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের ইয়ামবোল নামের একটি শহরের পার্শ্ববর্তী এ১ নামের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রথমে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একে একে আরও যানবাহন এসে এগুলোর পেছনে বড় ধরনের ধাক্কা লাগে।
এভাবে কমপক্ষে ৫০টি গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় বলে ইয়ামবোলের প্রাদেশিক গভর্নর জিয়োর্জি চালাকোভ জানান। দুর্ঘটনায় নিহতের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই এবং আরও দু’জন হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কাতিয়া ইভকোভা জানান। এতে আরও ৪৬ জন আহত হয় এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল সেক্রেটারি লুইবুমির নিকোলোভ।
ঘটনার পর সফররত ইউরোপিয় কমিশনের প্রেসিডেন্ট আর্সেলা ভন দ্যর লিয়েনের সঙ্গে আজ বিকালে নির্ধারিত সাক্ষাতের সময় কাটছাঁট করেছেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ। কমিশনের প্রেসিডেন্টও তাঁর সফরের সময় কমিয়ে আনবেন বলে জানান।

বর্তমানে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় দায়িত্ব পালন করছে পুলিশ, অগ্নিনির্বাপক কর্মী ও জরুরি চিকিৎসা সেবাকর্মীর দল। কারণ, এখনও অনেক মানুষ দুর্ঘটনায় বিধ্বস্ত গাড়িগুলোর মধ্যে আটকে রয়েছে। স্থানীয় গণমাধ্যম নোভা টিভিকে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ইয়ামবোলের আঞ্চলিক অধিদফতরের প্রধান তদন্তকারী কর্মকর্তা টোডোর মিশিনেভ।
তিনি বলেন, ‘বর্তমানে আমাদের প্রধান কাজ হচ্ছে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা। এ কাজ পুরোপুরি শেষ হয়ে গেলেই আমরা দ্রুত তদন্ত ও সংশ্লিষ্ট অন্যান্য কাজ শুরু করবো।’
বর্তমানে দুর্ঘটনাস্থল থেকে আতহদের আশপাশের শহরগুলোর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। একইসঙ্গে, উদ্ধার কাজে গতি আনতে ঘটনাস্থলে হেলিকপ্টারে করে চিকিৎসক দল, স্ট্রেচার ও প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২৫ সালে বুলগেরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রতি এক লাখে ৭১ জনের মৃত্যু হয়। ইউরোপিয় ইউনিয়ভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ বলে ইউরোপিয় কমিশন সূত্রে জানা যায়। ইইউতে এ সংখ্যা প্রতি লাখে গড়ে ৪৩ জন।
মূলত, চালকদের বেপরোয়া গতি, সড়ক ও মহাসড়কগুলোর বেহাল দশা এবং দুর্ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়াই এ পরিমাণ দুর্ঘটনার মূল কারণ বলে ভুক্তভোগীরা জানান।
সূত্র : ডয়চে ভেলে।



