ই-মেইলে বোমা হামলার হুমকি
শত শত স্কুলের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হলো ইতালি
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩:৫৭, ১১ নভেম্বর ২০২৬; আপডেট: ০১:৫১, ১২ নভেম্বর ২০২৬
বোমা হামলা আতঙ্কে রোমের একটি স্কুল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হচ্ছে।
ইতালিতে শত শত স্কুল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিতে বাধ্য হলো কর্তৃপক্ষ। আজ বুধবার ই-মেইলে দেশটির বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এর পর পরই নিরাপত্তার কারণে স্কুলগুলো খালি করে দেওয়া হয়। ইতালি ছাড়াও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং রিপালিক অব আয়ারল্যান্ডের অনেক স্কুলে।
বেশ কিছুদিন থেকেই ইউরোপজুড়ে বিভিন্ন স্থাপনায় বোমা হামলার হুমকি ও সাইবার হামলার ঘটনা ঘটছে। এর ধারাবাহিকতায় আজ স্কুলগুলোতে হুমকি দেওয়া হলো। তবে, এগুলোকে ভুয়া বলে উল্লেখ করাসহ পরবর্তীতে এর নির্ধারিত কার্যক্রম চালিয়ে গেছে অধিকাংশ স্কুল।
আজ স্থানীয় সময় সকাল ১০টায় ইতালির বিভিন্ন স্কুলে পাঠানো ওই ই-মেইলে হুমকি দিয়ে বলা হয়, ‘তোমাদের ভবনে একটি শক্তিশালী বোমা রাখা আছে এবং রিমোট কন্ট্রোল দিয়ে ভবনগুলো উড়িয়ে দেওয়া হবে।’
ফলে, নিরাপত্তার স্বার্থে রোম, নেপলস, ভিসেন্জা, ফ্লোরেন্স, পিসা, ট্রাইসটেসহ ইতালির আরও বেশ কিছু শহরের স্কুলগুলো খালি করে দেয় কর্তৃপক্ষ। তবে, পরবর্তীতে নিরাপত্তা ঝুঁকি না থাকার বিষয়টি নিশ্চিত হয়ে অনেক এলাকাতেই আবার বেশ কিছু স্কুলের কার্যক্রম শুরু করা হয়।
এদিকে, ঘটনার পর পরই দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে এ নিয়ে বৈঠকে বসে ইতালির সরকার। কিন্তু, বর্তমানে বড় ধরনের কোনো ঝুঁকি নেই বলে প্রকাশিত এক বিবৃতিতে জানান দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
তবে, সরকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং সাম্ভব্য সব ধরনের ঝুঁকি বিবেচনায় নিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও আশ্বস্থ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিন্তে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিয়েছে।’
এদিকে, কতগুলো স্কুলে হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে, সে সংখ্যাটি এখনও সঠিকভাবে নির্ধারণ করা যায় নি বলে ইতালির পুলিশের এক মুখপাত্র জানান। তবে, বর্তমানে এসব ই-মেইলের উৎস খুঁজতে তদন্ত শুরু হয়েছে বলে উল্লেখ করলেও এগুলোর ঠিকানা সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।

তবে, এর মধ্যে একটি ই-মেইলে ইতালির প্রধানমন্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছে এবং এতে ‘নারী বিদ্বেষীদের সংগঠন’ এর প্রধান উল্লেখ করে মিখাইল অ্যান্দ্রোপভ নামের এক ব্যক্তির স্বাক্ষর রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স থেকে জানানো হয়। এর আগে, আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার গণমাধ্যমগুলোতেও একই ব্যক্তির স্বাক্ষরসহ বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছিলো।
এদিকে, ইতালিজুড়ে প্রায় ৩০০ এর মতো স্কুলে এ হামলার হুমকি দেওয়া হয়েছে বলে স্থানীয় লা৭ টিভি চ্যানেলকে জানান দেশটির শিক্ষামন্ত্রী গিউস্পে ভালদিতারা। তবে, এগুলোর বেশিরভাগই সরাসরি স্কুলে হামলা নয় বরং সাইবার হামলার হুমকি ছিলো বলে মন্তব্য করেন তিনি।
মূলত, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এমন কাজ করা হয়েছে এবং এটি ‘ভুয়া হুমকি ছাড়া আর কিছুই নয়’ বলে মন্তব্য করেছেন ইতালির স্কুলগুলোর প্রধান শিক্ষকদের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যান্তনেল্লো জিয়ানেল্লি।
একইসঙ্গে, হাজার হাজার পরিবারের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়াই এর উদ্দেশ্য ছিলো বলে উল্লেখ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেট্টো।
এ ছাড়া, আজ একইসময় উত্তর আয়ারল্যান্ডের ৩০০ এরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয় বলে দেশটির পুলিশ জানায়। এসব ই-মেইল যুক্তরাজ্যের বাইরে থেকে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।
তবে, এগুলোকে ভুয়া বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে সহকারি প্রধান কনস্টেবল অ্যান্থনি ম্যাকনেলি বলেন, ‘আমরা প্রয়োজনীয় তদন্ত চালিয়ে যাচ্ছি। তবে, বর্তমানে জনগণের নিরাপত্তা সংক্রান্ত বড় ধরনের কোনো ঝুঁকি নেই।’
ই-মেইল পাওয়া স্কুলগুলো থেকেও এসব হুমকির কোনো ভিত্তি নেই বরং এগুলো ভুয়া ছিলো বলে উল্লেখ করা হয়েছে।
একইসঙ্গে, রিপাবলিক অব আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের বিভিন্ন স্কুলেও পাওয়া এ ধরনের হুমকিকে ভুয়া বলে উল্লেখ করা হয়েছে। কারণ, এর আগে গত ১৯ অক্টোবরও বিভিন্ন স্কটিশ স্কুলে এ ধরনের হামলার হুমকি দেওয়া হয়েছিলো। কিন্তু, পরবর্তীতে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি।
ফলে, আজ স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ সতর্ক অবস্থানে থাকলেও স্কুলগুলো খালি করা হয় নি। বরং, উভয় দেশই তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে গেছে।

উল্লেখ্য, বেশ কিছুদিন থেকেই ইউরোপের বিভিন্ন দেশের অবকাঠামো ও সংস্থাগুলোতে বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। এর মধ্যে গত সপ্তাহেই ভুয়া বোমা হামলার হুমকিতে ইউরোপজুড়ে উড়োজাহাজের ডজনেরও বেশি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটে।
এ ছাড়াও গত কয়েক সপ্তাহজুড়ে ফ্রান্স, সুইডেন, বেলজিয়াম এবং আয়ারল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের বিভিন্ন সুপারমার্কেটগুলোতে সাইবার হামলার ঘটনা ঘটে। এতে ওইসব মার্কেটের রিফ্রিজারেটরগুলোর কার্যক্রম ব্যাহত হয় এবং নষ্ট হয় লাখ লাখ ইউরোর খাদ্যপণ্য।
ইউরোপজুড়ে সুপারমার্কেট, গণমাধ্যম, এয়ার ট্রাফিক, স্কুলসহ হাসপাতাল এবং ব্লাড ব্যাংকগুলোতে একের পর এক এসব হুমকিকে হাইব্রিড যুদ্ধকৌশলের সমন্বিত প্রচেষ্টা হিসেবে বিবেচনা করে একে দুশ্চিন্তার কারণ হিসেবে উল্লেখ করেছেন বিভিন্ন দেশের নেতারা।
এরইমধ্যে সুপারমার্কেটের রিফ্রিজারেটারগুলোতে সাইবার হামলার ঘটনার জন্য গত মঙ্গলবার ইরানের রাষ্ট্রদূতের উপর সমন জারি করে ফ্রান্স। তবে, এর সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে তেহরান।
অন্যদিকে, রাশিয়ার যুদ্ধে ইউক্রেনকে সমর্থন জানানোর কারণে মস্কো থেকে এ ধরনের হুমকি দেওয়া ও সাইবার হামলা করা হচ্ছে বলে অভিযোগ করে ইউরোপের কিছু দেশ। তবে, এসব অভিযোগও নাকচ করে দিয়েছে রাশিয়া।
তবে, এখনই এ বিষয়ে সিদ্ধান্তে আসার সময় হয় নি উল্লেখ করে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেট্টো বলেন, ‘সব সময়ই যে কোনো বিদেশি রাষ্ট্র বা শত্রু দেশ এ ধরনের কাজ করবে, এমনটি নয়। সমাজে এমনও অনেক উন্মাদ রয়েছে যারা শুধু অন্যের মনোযোগ আকর্ষণের জন্য এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে।’
সূত্র : সিএনএন, বিবিসি, ডয়চে ভেলে এবং আল-জাজিরা।



