‘শান্তি ঘোষণাপত্র’র মধ্য দিয়ে শেষ হলো তিন নেতার ঐতিহাসিক বৈঠক
রাজনীতি ডেস্ক
প্রকাশিত: ০০:৩১, ২০ নভেম্বর ২০২৬; আপডেট: ০১:০১, ২০ নভেম্বর ২০২৬
তিন নেতার এ বৈঠক নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিশ্ব রাজনীতিতে ছিলো নানা ধরনের আলোচনা।
অনেক জল্পনা-কল্পনার পর শেষ হলো বিশ্বের তিন শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার তিন নেতার ঐতিহাসিক বৈঠক। একটি ‘শান্তি ঘোষণাপত্র’এর মধ্য দিয়ে গতাকল বৃহস্পতিবার এ বৈঠকের সমাপ্তি টানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কর্পোরেশন (এপেক) সামিটের পাশাপাশি তিন নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এপেক সম্মেলনে তিন নেতাই সভাপতি হিসেবে যোগ দেন। একইসঙ্গে, একে-অপরের সঙ্গে আলাদাভাবে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন নেতারা।
এদিকে, ত্রিপাক্ষিক ওই ঐতিহাসিক বৈঠকে বিশ্বের শক্তিধর তিন দেশের প্রধানরা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা, পরমাণু কর্মসূচি সীমিত রাখা এবং তিন দেশের মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বরোপ করেন বলে জানানো হয়েছে।
এক ঘণ্টারও বেশি দীর্ঘ এ বৈঠক শেষে দেশ তিনটির পক্ষ থেকে যৌথভাবে একটি 'শান্তি ঘোষণাপত্র’ প্রকাশ করা হয়। ঘোষণাপত্রে মূলত তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে: এর মধ্যে একটি হচ্ছে -
বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা। বর্তমানে বিশ্বে দুটি যুদ্ধ চলমান রয়েছে। একটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। এ যুদ্ধের জেরে বেশ অনেক দিন ধরে হরমুজ প্রণালিতে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। বিশ্বের জ্বালানির একটি বড় অংশের চালান যায় এ প্রণালির মধ্য দিয়ে। কিন্তু, এটি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী অবস্থানের কারণে বিশ্ব জ্বালানি ব্যবস্থা প্রবলভাবে বিঘ্নিত হচ্ছে।
ইরানের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ ও যুক্তরাষ্ট্রের একের পর এক হামলা বিশ্বের জ্বালানি বাজারকে অস্থিতিশীল পর্যায়ে নিয়ে গেছে। বাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়াসহ বহু দেশে সরবরাহও ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে।
অন্যদিকে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা দীর্ঘ যুদ্ধের কারণে ইউক্রেনসহ ইউরোপের প্রায় সব দেশই চরমমাত্রায় জ্বালানি সংকটে ভুগছে লম্বা একটা সময় ধরে।
কিন্তু, তিন নেতার এ বৈঠকের পর বৈশ্বিক জ্বালানির স্থিতিশীলতা বজায় রাখা নিয়ে ঘোষণা এলেও চলমান এসব যুদ্ধ কবে বা কিভাবে বন্ধ হবে বা এসবের পরিণতি কি - এ সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো আলোচনা যেমন বৈঠকে হয় নি, তেমনি এ নিয়ে কোনো বক্তব্য বা ঘোষণাও দেন নি কোনো নেতা। শুধু, ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে রাখা উচিত নয় বলে চীনা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন বলে জানানো হয়।
তবে, পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের আলোচনা হয়েছে এবং চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ যুদ্ধ বন্ধে ট্রাম্প চীনা প্রেসিডেন্টের সহায়তা চেয়েছেন বলে জানা গেছে। কিন্তু, ঘোষণাপত্রে এ সম্পর্কিত কোনো বিষয় উল্লেখ করা হয় নি।
ঘোষণাপত্রে দ্বিতীয় যে বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে, সেটি হচ্ছে -
বৈশ্বিক পরমাণু কর্মসূচি সীমিত রাখা। তিন নেতার বৈঠকের আগেই এ বিষয়ক একটি মন্তব্য করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনে দেওয়া তাঁর ভাষণে এ নেতা বলেন, ‘পরমাণু কর্মসূচি পুরোপুরিভাবে বাতিল ও বিলুপ্ত করা উচিত এবং একটি পরমাণু-মুক্ত বিশ্ব গড়ে তোলা উচিত। কোনো পরমাণু যুদ্ধে জেতা বা এ ধরনের যুদ্ধ করাও উচিত নয়। বরং, কিভাবে এটি বন্ধ করা যায়, সে বিষয়ে সবার সর্বোচ্চ জোর দেওয়া উচিত।’
শি জিনপিং এর এ বক্তব্য পরবর্তীতে তিন নেতার বৈঠক পরবর্তী প্রকাশিত শান্তি ঘোষণাপত্রেও উঠে আসে। এ ক্ষেত্রে, তিন দেশই বিশ্বে পরমাণু কর্মসূচির ঝুঁকি কমানো ও এ ধরনের কার্যক্রম রোধে আরও আলোচনার আগ্রহ প্রকাশ করেন। একইসঙ্গে, বৈঠকে চীনা প্রেসিডেন্ট ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের ট্রাম্পের দাবির সঙ্গে একমত হয়েছেন বলে জানা গেছে। তবে, এ ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা ঘোষণাপত্রে উল্লেখ করা হয় নি।

ঘোষণাপত্রের তৃতীয় বিষয়টি হচ্ছে -
আন্তজাতির্ক অপরাধ আদালতের কার্যক্রমের সমালোচনা। অন্যান্য আরও বিষয়ের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি) কার্যক্রম নিয়ে ঘোষণাপত্রে যৌথভাবে সমালোচনা করেন এই তিন নেতা।
এ প্রসঙ্গে তাঁরা বলেন যে, আইসিসি বা এ ধরনের প্রতিষ্ঠানগুলোর তাদের ‘ক্ষমতার অপব্যবহার’ বন্ধ করা উচিত। যদিও সংস্থাটির বিরুদ্ধে তাঁদের ক্ষোভের কারণ তাঁরা ব্যাখা করেন নি বা ঘোষণাপত্রে এ বিষয়ে বিস্তারিত কোনো বিষয় উল্লেখ করা হয় নি। তবে, সাম্প্রতিক কিছু ঘটনাবলিই শক্তিধর এ তিন দেশের এ অবস্থানের কারণ বলে ধারণা করা হচ্ছে।
এ ক্ষেত্রে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরেই আইসিসির বৈরি সম্পর্ক বিরাজ করছে, সাম্প্রতিক বছরগুলোতে যার আরও অবনতি হয়েছে। কারণ, সম্প্রতি আফগানিস্তান যুদ্ধে মার্কিন সেনাদের বিতর্কিত আচরণ সংক্রান্ত অভিযোগের তদন্ত শুরু করেছে সংস্থাটি। একইসঙ্গে, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর প্রতিবাদে আইসিসি ও এর কর্মীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মতো রাশিয়ার সঙ্গেও সংস্থাটির সম্পর্ক বহুদিন ধরেই উত্তেজনাকর। এ অবস্থার আরও অবনতি হয়েছে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে হামলার অপরাধে গ্রেফতারি পরোয়ানা জারির পর। এর প্রতিবাদে জাতিসংঘের আদালতে সংস্থাটির এ আচরণের জোর প্রতিবাদ করাসহ এর কার্যক্রমের বৈধতা নিয়েও প্রশ্ন তোলে রাশিয়া।
এ ছাড়া, চীনের সঙ্গে আইসিসি আদালতের সরাসরি কোনো বৈরি সম্পর্ক না থাকলেও মিত্র অনেক দেশের বিরুদ্ধে সংস্থাটির অবস্থান নিয়ে চীনের অসন্তোষ রয়েছে। এ ক্ষেত্রে, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টির বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন। অন্যদিকে, চীনের সিনজিয়াংয়ের উইঘুর মুসলিমদের উপর দেশটি গণহত্যা চালিয়েছে বলে মানবাধিকারকর্মীরা আইসিসিতে অভিযোগ করেছে। যদিও চীনা সরকার থেকে বরাবরই এ অভিযোগ নাকচ করা হচ্ছে, তবে এর জেরে সংস্থাটির সঙ্গে দেশটির সম্পর্কেরও অবনতি হতে দেখা গেছে।
মূলত, এসব কারণেই এ ঘোষণাপত্রে আইসিসির কার্যক্রম নিয়ে দেশ তিনটির নেতারা সমালোচনা প্রকাশ করেছে বলেই ধারণা করা হচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের এ বৈঠক চলাকালে ইউরোপে বিভিন্ন দেশের নেতারাও বৈঠক করেছেন বলে জানা গেছে। এ ক্ষেত্রে, যুদ্ধে ইউক্রেনকে সমর্থন ও সাহায্য দেওয়ার কারণে তিন নেতার এ বৈঠক নিয়ে তাদের মধ্যে উৎকণ্ঠা দেখা গেছে।
কারণ, তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে ওই তিন নেতাই বিশ্বে চলমান সংঘাত ও অর্থনৈতিক সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে নিয়েছেন। অর্থাৎ, ভিন্ন মত ও দলের কোনো মতামত শোনা, গ্রহণ বা বাস্তবায়নের এখানে আর কোনো সুযোগ থাকবে না বলে আশঙ্কা করছেন ইউরোপীয় নেতারা।
জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক তিন নেতার বর্তমান এ মিত্রতাকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘ঈশ্বর, এ ধরনের বন্ধুদের থেকে আমাদের রক্ষা করুন।’
উল্লেখ্য, ত্রিপাক্ষিক এ বৈঠকে তিন নেতা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেও কূটনৈতিকভাবে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত বৈঠকটি থেকে আসে নি। তারপরও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে সাম্প্রতিক সময়ে নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার এক অনন্য সুযোগ হিসেবেই দেখছেন। কারণ, বৈঠকে অন্যান্য আরও বিষয়ের সঙ্গে দেশ দুটির স্বার্থ রক্ষা হয়, এমন বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে।
সূত্র : আল-জাজিরা এবং সিএনএন।



