বিজ্ঞান ও প্রযুক্তি

এনভিডিয়ার সিইও পদ থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২২:১৪, ১২ নভেম্বর ২০২৬;  আপডেট: ২২:২৬, ১২ নভেম্বর ২০২৬

এনভিডিয়ার সিইও পদ থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগ

বেশ কিছুদিন থেকেই তাঁর কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছিলেন এনভিডিয়ারের সাবেক সিইও হুয়াং। ছবি : ডয়চে ভেলে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জন্য চিপ প্রস্তুতকারী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এনভিডিয়ারের প্রধান নির্বাহী (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেনসেন হুয়াং। সন্দেহভাজন এক চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়ার সম্পর্কের অভিযোগে তিনি এ সিদ্ধান্ত নেন। আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে প্রতিষ্ঠানটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং অর্থব্যবস্থাপনা বিষয়ক প্রধান কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে ক্রেস বলেন, ‘এনভিডিয়ারের মূল শক্তিই হচ্ছে এর কর্মী ও আমাদের নেতৃত্বদানকারী দলের সদস্যরা। জেনসেন গত ৩৩ বছর ধরে যেভাবে প্রতিষ্ঠানটিকে একটি শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছেন, তা রক্ষা করে যেতে আমি অঙ্গীকারবদ্ধ।’

মূলত, বেশ কিছুদিন থেকেই জেনসেনের সঙ্গে এক চীনা নারীর পরকীয়ার সম্পর্ক নিয়ে প্রতিষ্ঠানটিতে গুঞ্জন চলছে। ওই নারী একজন গুপ্তচর বলেও অভিযোগ ওঠে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই তার উপর পদত্যাগ করার জন্য চাপ বাড়তে থাকে।

মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও ওই নারী চীনা গুপ্তচর বলে জোরালো দাবি করা হয়। এর পর পরই জেনসেন কোনো বিদেশি শত্রু রাষ্ট্রের লক্ষ্যবস্তু কিনা, সে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করে এনভিডিয়া। 

অ্যালিস হুয়াং নামের অভিযুক্ত ওই চীনা গুপ্তচর মূলত সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী। এক সময় প্রতিষ্ঠানটি এনভিডিয়ারের দক্ষিণপূর্ব এশিয়ার অংশীদার হিসেবে কাজ করতো। পরবর্তীতে মেগাস্পিড এনভিডিয়ারের শক্তিশালী এআই চিপের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে কিনা, এ নিয়ে তদন্ত শুরু হয়।

একইসঙ্গে, অ্যালিসের সঙ্গে জেনসেন হুয়াংয়ের পরকীয়ার সম্পর্ক প্রকাশ্যে আসার পর মার্কিন গোয়েন্দারাও তৎপর হয়ে ওঠে। কারণ, অ্যালিসের সাহায্যে চীনা সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা বা এ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো এনভিডিয়ারের অগ্রসর প্রযুক্তির দখল নিয়ে নিচ্ছে বলে সন্দেহ দেখা দেয়।

এমনকি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় এক সময় জেনসেনও চীনে চিপ রফতানির ওপর থাকা নিষেধাজ্ঞা সহজ করতে প্রেসিডেন্টকে চাপ দেন বলে অভিযোগ ওঠে। এসব বিষয় নিয়ে পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত পদত্যাগের এই ঘোষণা আসলো।

এনভিডিয়ায় পাঠানো এক ই-মেইলে এ বিষয়ে হুয়াং লিখেন, ‘আমি আমার স্ত্রীর সঙ্গে বিশ্বস্থ ছিলাম না। আমার কর্মকাণ্ড আমার সন্তান ও স্ত্রীকে দুঃখ দিয়েছে। আমার এ কাজের কোনো অজুহাত নেই। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত।’

গত ৮ অক্টোবর জেনসেন হুয়াংকে ন্যাশনাল মেডেল অব সায়েন্স পুরস্কার প্রদান করেন ডোনাল্ড ট্রাম্প। ছবি : বিবিসি।

তবে, চীনা ওই নারী ছাড়াও এর আগে হুয়াংয়ের সঙ্গে তার অধীনস্থ এনভিডিয়ারেরই আরেক নির্বাহীর পরকীয়া সম্পর্ক ছিলো বলে দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করে।

এদিকে, আজ শেয়ার বাজারের শুরুতেই বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এনভিডিয়ারের শেয়ারের ১৩ শতাংশ দরপতন হয়। এর মধ্য দিয়ে হুয়াংয়ের এ পরকীয়ার গুঞ্জনের পর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রায় ৮০ হাজার কোটি টাকার লোকসান করে।

উল্লেখ্য, ৬৩ বছর বয়স্ক হুয়াং এনভিডিয়ারের সহপ্রতিষ্ঠাতা। গত তিন দশক থেকে প্রতিষ্ঠানটি সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়ে এসেছেন তিনি। এর মধ্য দিয়ে এক সময় গেমের চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে বর্তমানে এনভিডিয়ার এআইয়ের জন্য প্রয়োজনীয় চিপের প্রধান রফতানিকারক প্রতিষ্ঠানে পরিণত হয়।  

পদত্যাগের আগে প্রতিষ্ঠানটির প্রায় ৩ দশমিক ৬১ শতাংশের মতো শেয়ারের মালিক ছিলেন হুয়াং। এর মধ্য দিয়ে তিনি বিশ্বের চতুর্থ শীর্ষ বিনিয়োগকারীতে পরিণত হন। কিন্তু, পরকীয়া কেলিঙ্কারির পর সিইও পদসহ প্রতিষ্ঠানটির বোর্ডের সদস্য পদ থেকেও পদত্যাগ করেন জেনসেন হুয়াং।

সূত্র : ডয়চে ভেলে, আল-জাজিরা।