শিক্ষা ও ক্যারিয়ার

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষা ও ক্যারিয়ার ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪, ২৩ আগস্ট ২০২৬;  আপডেট: ১৬:২৮, ২৩ আগস্ট ২০২৬

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বৃহস্পতিবার চূড়ান্ত পর্ব শেষে মোট নয়জন শিক্ষার্থী পুরস্কার জিতে নেন।

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও যোগাযোগের দক্ষতা বাড়াতে সম্প্রতি উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ ঢাকার বিভিন্ন কলেজের প্রায় ৫৬ জন প্রতিযোগী অংশ নেয়। অংশগ্রহণকারী কলেজগুলোর মধ্যে ছিল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, সেন্ট গ্রেগরিস কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ এবং মহানগর মহিলা কলেজ।

প্রাথমিক বাছাই পর্ব শেষে ২১ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে উন্নীত হয়। প্রতিযোগিতাটি তিনটি ক্যাটাগরিতে বিভক্ত ছিল। বৃহস্পতিবার চূড়ান্ত পর্ব শেষে মোট নয়জন শিক্ষার্থী পুরস্কার জিতে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. পারভীন হাসান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিজনেস স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ও ক্যারিয়ার ক্লাবের মডারেটর ড. তানজিলা হোসাইন ।

এ সময় তিনি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত উন্নয়নের জন্য আত্মবিশ্বাস, দ্রুত চিন্তাভাবনা এবং কার্যকর যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন। একই বিভাগের শিক্ষার্থী জায়মা হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং ও ক্রিটিক্যাল থিংকিং জোরদার করার পাশাপাশি তাদের নিজস্ব ভাবনাগুলো স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করার সুযোগ তৈরি করে দেবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি।