ফ্রান্স প্রেসিডেন্টের সিরিয়া সফরকালে দামেস্কে বিস্ফোরণ
আহত ১৮
রাজনীতি ডেস্ক
প্রকাশিত: ২২:৫৯, ৭ জুলাই ২০২৬; আপডেট: ২৩:৩৭, ৭ জুলাই ২০২৬
বিস্ফোরণের সময় ম্যাক্রোন ফোর সিজন হোটেলে ছিলেন না বলে নিশ্চিত করা হয়েছে। ছবি : ডয়চে ভেলে।
সিরিয়ার রাজধানী দামেস্কে আজ মঙ্গলবার পর পর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর ফোর সিজন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জন পুলিশ রয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা সানা জানায়।
বর্তমানে সিরিয়া সফররত ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোন গতকাল সোমবার রাতে এ হোটেলে অবস্থান করলেও বিস্ফোরণের সময় তিনি সিরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদে ছিলেন এবং তিনি অক্ষত রয়েছেন বলে প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্রান্স ও সিরিয়ার গণমাধ্যম।
পুলিশ একটি বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করার সময় পর পর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে সানা সূত্রে জানা গেছে। এ সময়ই ১৮ জন আহত হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে সংবাদ সংস্থাটি জানায়।
আট মিনিটের ব্যবধানে বিস্ফোরণ দুটি ঘটে বলে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব টিভি চ্যানেল আল একবারিয়া জানায়। এ সময় ম্যাক্রোনকে বহন করা গাড়িবহর বিস্ফোরণের স্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ছিলো বলে মন্ত্রী জানান।
বিস্ফোরণের কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোন বলেন, ‘সিরিয়ার জনগণের পরিপূর্ণ সার্বভৌমত্ব, নিরাপত্তা, বহুমুখীতা ও ঐক্যবদ্ধ হয়ে বসবাস করার পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না।’
এ সময় তিনি বিস্ফোরণের বিষয়টি উল্লেখ করেননি। তবে, ঘটনার সঙ্গে জড়িতদের খুব শিগগিরই গ্রেফতার করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শাহারা।

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘এ ঘটনার পরও সফর চালিয়ে যাওয়ার সাহসি সিদ্ধান্তের জন্য আমি প্রেসিডেন্ট ম্যাক্রোনকে সাধুবাদ জানাই।’
বিস্ফোরণের ঘটনায় এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। ঘটনার নিন্দা জানিয়েছেন সৌদি আরব, কাতার, কুয়েত এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী।
এ ঘটনার মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে রাজধানীতে আলাদা দুটি হামলার ঘটনায় ৯ জন নিহত এবং ২২ জন আহত হয়। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর প্রথম কোনো পশ্চিমা নেতা হিসেবে সিরিয়া সফর করছেন ম্যাক্রোন। আর, রাষ্ট্রপ্রধান হিসেবে এটি তৃতীয় কোনো নেতার সিরিয়া সফর। এর আগে কাতারের আমির ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি দেশটি সফর করেন।
এদিকে, আজ ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোনকে প্রেসিডেন্টের প্রাসাদে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। সাবেক জিহাদি নেতা এবং সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আল-শাহারা এ সময় দেশটি সফরের সিদ্ধান্ত নেওয়ায় ফ্রান্সের প্রশংসা করেন।
এ সফরে উভয় দেশের মধ্যে কৌশলগত, ব্যবসায়িক ও বাণিজ্যিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সমঝোতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বেশ কয়েকটি অর্থনৈতিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে সানা সূত্রে জানা যায়।
সূত্র : সিএনএন এবং ডয়চে ভেলে।



