মধ্য আকাশে থাকা বিমান থেকে লাফিয়ে পড়ে পাইলটের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০২:৩০, ৯ জুলাই ২০২৬; আপডেট: ০৩:১৪, ৯ জুলাই ২০২৬
গত শনিবারের এ ঘটনায় নিহত হয় পাইলট লিওনার্দো আন্দ্রেস বের্তাজ্জো।
মধ্য আকাশে থাকা একটি বিমান থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছে বিমানের পাইলট। এ সময় বিমানটিতে থাকা এক শিক্ষার্থীকে বিমান অবতরণের প্রশিক্ষণ দিচ্ছিলো সে। ঘটনার পর ওই শিক্ষার্থী বিমানটি নিরাপদে মাটিতে নামিয়ে আনতে সক্ষম হয়।
গত শনিবার মধ্য আর্জেন্টিনার তোলেদো নামের স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার সময় লিওনার্দো আন্দ্রেস বের্তাজ্জো (৪২) নামের ওই পাইলট সেসনা ১৫০ মডেলের একটি বিমান চালাচ্ছিলো। এ সময় তার সাথে বিমানটিতে রোজারিও (২২) নামের ওই শিক্ষার্থী ছিলো।
গত মঙ্গলবার দেশটির এক সরকারি আইজীবির প্রকাশিত একটি বিবৃতিতে থেকে এসব তথ্য জানা যায়। বর্তমানে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।
এদিকে, এ ঘটনার পর বিমানে থাকা ওই শিক্ষার্থী জানায় যে বের্তাজ্জো তাকে বলে, ‘তুমি জানো যে তোমাকে কি করতে হবে, চালিয়ে যাও।’ এর পর পরই সে তার হেডফোন এবং সিটবেল্ট খুলে ফেলে এবং বিমানের দরজা খুলে লাফিয়ে পড়ে।
ফ্লাইং প্যারোট করদোবা ফ্লাইং স্কুলে কাজ করতো নিহত পাইলট বের্তাজ্জো। তবে, তার মধ্যে এ ধরনের কাজ করার মতো কোনো লক্ষণ ছিলো না বলে জানান স্কুলটির পরিচালক এদওয়ার্দো অ্যালভারেজ।
তিনি বলেন, ‘ওই দিন সকালেও সে আরেকজন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছিলো। বিমানে থাকা অবস্থায় সে মর্মান্তিক এ সিদ্ধান্তটি নেয় যখন বিমানে তার পাশেই আরেকজন ছিলো। ব্যাপারটি চিন্তা করা বা বোঝা আমার সাধ্যের বাইরে। কিন্তু, মানুষের মন আসলে খুবই জটিল একটি বিষয়।’
‘সুন্দর হাসির বের্তাজ্জো একজন দারুণ মানুষও ছিলো’ - বলেন পরিচালক অ্যালভারেজ; ‘এ ঘটনায় আমরা হতবিহ্বল হয়ে পড়েছি।’
মধ্য আকাশে থাকা উড়ন্ত একটি বিমানের দরজা খোলাটা খুবই কষ্টসাধ্য একটি বিষয় বলে উল্লেখ করেন তিনি। একে, ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ছুটে চলা একটি গাড়ির দরজা খোলার চেষ্টা করার মতো বিষয়ের সঙ্গে তুলনা করেন অ্যালভারেজ।
এদিকে, ঘটনার আকস্মিকতায় শিক্ষার্থী রোজারিও হতবিহ্বল হয়ে পড়লেও শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে এবং অক্ষত অবস্থায় অবতরণে সক্ষম হন বলে অ্যালভারেজ জানান।
উল্লেখ্য, নিহত পাইলট বের্তাজ্জো দক্ষ বিমান চালক ছিলো এবং প্বার্শবর্তী দেশ চিলিতেও প্রশিক্ষক হিসেবে কাজ করেছে বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
সূত্র : সিএনএন।



