মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করলো বাংলাদেশ সরকার
প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০০:৪০, ২৭ নভেম্বর ২০২৬; আপডেট: ০১:২৭, ২৭ নভেম্বর ২০২৬
প্রথম দফায় ১১২ জন কর্মীর মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সরকার। আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার প্রথম দফায় ১১২ জন কর্মীর মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।
এ সময় তাদের বিদায় শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে, বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে এসব কর্মীকে নির্বাচন করা হয়।
তারা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। পাশাপাশি নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসা সুবিধা দেওয়া হবে। এ ছাড়া, কর্মীদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে এরই মধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
উল্লেখ্য, গত ২২ জুন মালয়েশিয়া সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি।
একইসঙ্গে, অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে বৈঠকে একমত হন দুই প্রধানমন্ত্রী।
সূত্র : বাসস।



