চকলেট তৈরির কারখানায় আগুন
২৪ জন নিহতের খবর নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া
উদ্ধার তৎপরতা অব্যাহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১:৫৮, ২৩ নভেম্বর ২০২৬
গত শনিবার লাগা আগুনে আজ সোমবার পর্যন্ত মোট ২৪ জনের মরদেহ পাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
ইন্দোনেশিয়ার একটি চকলেট তৈরির কারখানায় লাগা আগুনে এ পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গত দুই দিন থেকে জ্বলতে থাকা এ আগুনের ঘটনায় এখনও আরও প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে বলেও জানানো হয়।
আগুনের উৎস সম্পর্কে জানতে তদন্ত কাজ চলমান রয়েছে। তবে, কারখানার একটি এয়ার কন্ডিশনারে সৃষ্ট শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্ত থেকে আশঙ্কা করা হচ্ছে। ইন্দোনেশিয়ায় শ্রমিক সংক্রান্ত পরামর্শক সাইদ ইকবাল আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। একইসঙ্গে, তিনি ওই কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তার উপর সমন জারি করবেন বলেও জানান।
এদিকে, আগুন লাগার সময় কারখানাটিতে শনিবারের শিফটে ৩০০ জন কর্মী উপস্থিত ছিলো বলে এর প্রধান প্রতিষ্ঠান পিটি ইউনাইটেড ফ্যামিলি ফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন এরউইন ওইজায়া জানিয়েছেন।
গত শনিবার ইন্দোনেশিয়ার চিকান্দে নামের গ্রামে অবস্থিত পিটি ফোনুসা অ্যাগুং মুলিয়া নামের ওই কারখানাটিতে আগুন লাগে। কারখানাটি জাভা প্রদেশের পশ্চিমের সেরাং জেলায় অবস্থিত। এতে মূলত দুগ্ধজাত বিভিন্ন নাশতা জাতীয় খাবার (স্ন্যাকস) এবং মিষ্টি তৈরি করা হয়। কারখানাটির এসব খাবার ইন্দোনেশিয়ায় মিল্কিটা নামে পরিচিত।
এদিকে, আজ সোমবারও অনুসন্ধান কাজ অব্যাহত রয়েছে। তবে, আগুনের তীব্রতার কারণে কারখানার বিভিন্ন অংশ বিপদজনক হয়ে পড়ায় তা উদ্ধার কাজ ব্যাহত করাসহ উদ্ধারকর্মীদের জন্যও ঝুঁকির কারণ হিসেবে দেখা দিয়েছে। দেশটির বানতেন প্রদেশের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আল আমরাদ এসব তথ্য জানান।
তবে, এ পরিস্থিতির মধ্যেও ২৯ জনকে সম্পূর্ণ নিরাপদে ও অরক্ষিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিন্ত করেন তিনি। উদ্ধার করা কর্মীদের মধ্যে ৫ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একইসঙ্গে এ পর্যন্ত ২৪ জনের মরদেহ পাওয়া গেছে বলে আমরাদ জানান।

বার্তা সংস্থা এপিকে উদ্ধার কর্মকর্তা রিজকি দিওয়ান্তো বলেন, ‘এখনও কারখানার অনেক জায়গায় আগুন জ্বলছে। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।’
বর্তমানে উদ্ধার কর্মীদের সঙ্গে অগ্নিনির্বাপক বিভাগ এবং ইন্দোনেশিয়ার রেড ক্রসও কারখানার বিভিন্ন অংশে অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে, কর্মীরা আটকে থাকতে পারে, সম্ভাব্য এমন জায়গাগুলোতে খোঁজার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানানো হয়।
এ অবস্থায় নিখোঁজ কর্মীদের খোঁজ জানতে তাদের স্বজন ও পরিবার কারখানার সামনে অপেক্ষা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে।
তবে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা মরদেহগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি। ফলে, ওই কারখানার কর্মীদের পরিবারের কাছ থেকে ডিএনএর নমুনা সংগ্রহ করে তাদের পরিচয় শনাক্তের উদ্যোগ নেওয়া হবে।
পুরো প্রক্রিয়াটি শেষ করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। গতকাল রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের এক কর্মকর্তা এসব তথ্য জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় বেশ কয়েকটি মারাত্মক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরে জাকার্তার একটি অফিস বিল্ডিংয়ে লাগা আগুনে কমপক্ষে ২২ জন নিহত হয়। ২০২৩ সালে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় সংঘটিত বিস্ফোরণে নিহত হয় কমপক্ষে ১৩ জন।
সূত্র : আল-জাজিরা।



