রাজনীতি

৬৫০০ রোহিঙ্গা শরণার্থীকে নিজ দেশে পাঠানোর সিদ্ধান্ত মালয়েশিয়ার

মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করলো ইউকে

রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো সংক্রান্ত আইসিজের রায়

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২৩:৫১, ২৪ নভেম্বর ২০২৬;  আপডেট: ০০:০০, ২৫ নভেম্বর ২০২৬

মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করলো ইউকে

বর্তমানে রোহিঙ্গা শরণার্থীদের একটি বড় অংশ বসবাস করছে বাংলাদেশের দুটি শরণার্থী শিবিরে।

মিয়ানমারের পাঁচ শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য (ইউনাইটেড কিংডম বা ইউকে)। মিয়ানমার দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা চালিয়েছে বলে সম্প্রতি রায় দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)।

এর মধ্য দিয়ে এবারই প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হলো। আর, এর পরিপ্রেক্ষিতেই গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেয় ইউকে। ইউকের সঙ্গে বেলজিয়াম, পর্তুগাল, স্পেন এবং কানাডাও আইসিজের এ রায়ের সঙ্গে একমত পোষণ করেছে।

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর চালানো গণহত্যা বিষয়ে ইউকের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ‘যেকোনো ধরনের অপরাধ বিশেষ করে গণহত্যার মতো এতো বড় অপরাধের ক্ষেত্রেও আমাদের অবস্থান আমাদের মূল্যবোধেরই বহিঃপ্রকাশ ঘটায় এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বদ্ধ পরিকর।’

২০২১ সালেই ইউকে মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট মিন আং লিয়াংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো জানিয়ে মিলিব্যান্ড আরও বলেন, ‘২০১৭ সালে যখন গণহত্যা চালানো হয় তখন তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সে সময় ঘটে যাওয়া হত্যাকান্ডের অনেকগুলোর জন্য তিনি সরাসরি দায়ী।’

বর্তমানে ইউকে থেকে মিয়ানমারের যে পাঁচ সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাঁরা হলেন - মায়ো তাত লিয়াং, মায়ো মিন তান, মায়াত থেত ও, কেওয়া সো এবং কেওয়া সোওয়ার ও। 

মিলিব্যান্ড বলেন, ‘মিয়ানমারের অবশ্যই বর্তমানে দেশটিতে চলমান সহিংসতা বন্ধ করা, এসব বিষয়ে যথাযথ তদন্ত করা, প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেটা নিশ্চিত করা উচিত।’

কারণ, এখনও দেশটিতে বিমান হামলা চলছে এবং আরাকান আর্মি বিভিন্ন সহিংতা চালাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ফলে, মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধে খুব শিগগিরই নতুন আইন পাস হতে যাচ্ছে বলে নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী।

একইসঙ্গে, এ ধরনের অপরাধমূলক কর্মকান্ড বন্ধের উদ্যোগ নেওয়াসহ দেশটির বিপন্ন জাতিগোষ্ঠীর জন্য ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা, জনগণের উপর বিমান হামলা চালানো বন্ধ করা, রাজনৈতিক বন্দীদের মুক্তির ব্যবস্থা করাসহ সব দলের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি সুষ্ঠ রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ ছাড়া, চলতি সপ্তাহে অনুষ্ঠেয় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে তিনি এ বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে গতকাল ব্রিটিশ মন্ত্রীদের মিলিব্যান্ড জানান। এর আগে, আইসিজের ঐতিহাসিক রায়ের পর গত সপ্তাহে ইউকেতে মিয়ানমারের পররাষ্ট্র বিষয়ক অ্যাটাশেকে বরখাস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

চলতি বছরের ৪ অক্টোবর মিয়ানমারের থানলিয়েন নৌঘাঁটিতে পৌঁছে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো রোহিঙ্গা শরণার্থীদের একটি দল।

এদিকে, মিয়ানমার থেকে পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গার মধ্যে থেকে সাড়ে ছয় হাজারের বেশি শরণার্থীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে আজ মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন। এতো বিপুল সংখ্যক শরণার্থীকে দীর্ঘমেয়াদে আশ্রয় দেওয়া দেশটির জন্য অর্থনৈতিকভাবে কঠিন হয়ে পড়াসহ নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি দেখা দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। 

এ ক্ষেত্রে, নৌবাহিনীর তিনটি নৌযানে করে আগামী ৬ ও ৭ ডিসেম্বর ১ হাজার ৫০০ এবং ডিসেম্বরের বাকি সময়জুড়ে উড়োজাহাজে করে আরও ৫ হাজার ৩০৩ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। তাদের যাতায়াতের পুরো ব্যয় মালয়েশিয়া সরকার বহন করবে। দেশটির সংসদে প্রধানমন্ত্রী আজ এসব তথ্য জানান। 

তবে, তাদের নিজ দেশে পাঠানোর ক্ষেত্রে মালয়েশিয়াকে অবশ্যই অভিবাসীদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছা প্রত্যাবাসনের বিষয়গুলো নিশ্চিত করতে হবে বলে গত সপ্তাহে জাতিসংঘের সর্বোচ্চ আদালত থেকে মালয়েশিয়ার উপর আদেশ জারি করা হয়।

কারণ, এর আগে গত সেপ্টেম্বরে মালয়েশিয়া দেশটিতে থেকে প্রায় ১ হাজার ৫০০ শরণার্থীকে জোরপূর্বক নিজ দেশে প্রেরণ করে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর দেশটির গণহত্যা চালানো সংক্রান্ত রায় দেয় আইসিজে। এতে বলা হয়, ‘সব তথ্য-উপাত্তের ভিত্তিতে এটাই প্রতীয়মান হয় যে জান্তা সরকারের এসব কর্মকান্ডের একমাত্র উদ্দেশ্য ছিলো গণহত্যা চালানো।’

বিশ্বের বিভিন্ন দেশের বিচারকের সমন্বয়ে গঠিত একটি প্যানেলে সংখ্যাগরিষ্ঠ নয়টি ভোট পেয়ে এ রায়টি জয়যুক্ত হয়। এর বিপরীতে পড়ে ছয়টি ভোট। একইসঙ্গে, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের আরও বেশ কিছু অংশেরও অপব্যবহার করেছে বলে রায়ে সম্মত হন বিচারকরা।

এ সময়, মিয়ানমারের রাখাইন অঞ্চলে দেশটির জান্তা সরকারের চালানো এই জাতিগত নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয় বলেও রায়ে উল্লেখ করা হয়। অন্যদিকে, সে সময় রোহিঙ্গাদের পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়াসহ বহু রোহিঙ্গা নারী ও মেয়ে শিশুকে ধর্ষণ করা হয় বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়। 

এদিকে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর চালানো গণহত্যা থেকে বাঁচতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় ৭ লাখের বেশি রোহিঙ্গা। পরবর্তীতেও এ ধারা অব্যাহত থাকে এবং এ অবস্থায় বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৫০ লাখের মতো রোহিঙ্গা শরণার্থী হিসেবে বসবাস করছে।

এর মধ্যে বাংলাদেশেই আছে রোহিঙ্গা শরণার্থীদের একটি বড় অংশ, যার সংখ্যা বর্তমানে প্রায় ১২ লাখ। 

সূত্র : বিবিসি এবং আল-জাজিরা।