চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
প্রকাশিত: ২৩:৩১, ২৯ জুন ২০২৬; আপডেট: ২৩:৪৭, ২৯ জুন ২০২৬
বাংলাদেশের পাপেট শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয়।
বাংলাদেশে পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন। আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন।
নিউমোনিয়াসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর কয়েক দিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
বরেণ্য এই শিল্পী স্ত্রী মেরী মনোয়ার, ছেলে সাদাত মনোয়ার ও মেয়ে নন্দিনী মনোয়ারসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন। শিল্পীর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সম্মিলিত সামাজিক আন্দোলনসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছে।
আগামীকাল ৩০ জুন সকাল ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) মুস্তাফা মনোয়ারের মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শহীদ মিনারে তাঁর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
পরে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মুস্তাফা মনোয়ারের মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরবর্তীতে বনানী কবরস্থানে শিল্পীকে দাফন করা হবে।
উল্লেখ্য, শিল্পী মোস্তফা মনোয়ার ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর কবি গোলাম মোস্তফা ও জমিলা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন। কলকাতা আর্ট কলেজে চারুকলা বিষয়ে পড়াশোনা শেষে দেশে ফিরে শিক্ষকতা, শিল্পচর্চা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত হন তিনি।
১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধকালে সক্রিয় ভূমিকা পালন করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের পাপেট শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। এ ছাড়া, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান 'নতুন কুঁড়ি'-এর পরিকল্পনা ও নির্মাণে দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি ।
সূত্র : বাসস।



