মার্কিন সেনা কর্মকর্তাদের মৃত্যুর প্রতিশোধ
ইরানে নতুন করে আবার হামলা চালালো যুক্তরাষ্ট্র
রাজনীতি ডেস্ক
প্রকাশিত: ২৩:২৬, ২১ জুলাই ২০২৬; আপডেট: ২৩:৩৮, ২১ জুলাই ২০২৬
ইরানে নতুন করে হামলা চালানোর পর পরই এটি নিহত মার্কিন সেনাদের সম্মানে চালানো হামলা বলে উল্লেখ করেন ট্রাম্প।
ইরানে নতুন করে আবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুরমুজ প্রণালিতে দেশটির হামলা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয় বলে মার্কিন সেনাবাহিনী জানায়। আজ মঙ্গলবার চালানো এ হামলার মধ্য দিয়ে টানা দশম দিনের মতো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র।
এর আগে মার্কিন সেনাবাহিনীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর পরই নতুন এ হামলা চালায় দেশটি।
এদিকে, হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে সমুদ্রে থাকা দুটি তেলবাহী জাহাজসহ বাহরাইন, কুয়েত এবং জর্ডানে থাকা মার্কিন সেনা ঘাাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা ইরনা এসব তথ্য জানায়।
এর মধ্য দিয়ে ইরান এখন পুরোদমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেছে বলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান মন্তব্য করেছেন।
ইরানে নতুন করে হামলা চালানোর পর পরই এটি নিহত মার্কিন সেনাদের সম্মানে চালানো হামলা বলে উল্লেখ করেন ট্রাম্প। এ সময় ইরানে জোরালো হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সম্প্রতি ইরানি হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়, যাদের মধ্যে দু’জন জর্ডানে এবং একজন ইরাকে।
এদিকে, নতুন এ হামলায় ইরানের সেনা, নৌ ও বিমান ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উড্ডয়ন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয় বলে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়। এ সময় বাণিজ্যিক নৌযানগুলো নিয়মিত হুরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করছে বলে সেন্টকম থেকে দাবি করা হয়।

কিন্তু, এ পথে যাত্রার সময় দুটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে বলে পাল্টা দাবি করে ইরান। উদ্ধারকারী দল জাহাজের নাবিকদের উদ্ধার করেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা থেকে জানানো হয়।
এছাড়া, বাহরাইনে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যামাজনে হামলার দাবি করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরনা আজ এ তথ্য জানায়। এতে বলা হয়, ‘বাহরাইনে অবস্থিত মার্কিন প্রতিষ্ঠান অ্যামাজনে আজ বেশ কয়েকটি ক্রজ ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়ে একে ধ্বংস করা হয়েছে।’
এদিকে, জর্ডান আজ ইরানের ছোঁড়া ৫টি ক্ষেপণাস্ত্র মাঝপথে আটকে দিয়েছে এবং গতকাল সোমবার তিনটি ধ্বংস করেছে বলে জানায়। কুয়েতও ইরানের ড্রোন মাঝপথে আটকে দিয়েছে বলে জানিয়েছে।
বাহরাইনের এয়ার নেভিগেশন সিস্টেম লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কিন্তু, এতে বিমান চলাচল ব্যাহত হয় নি বলে দেশটির তরফ থেকে জানানো হয়। অন্যদিকে, গতকাল ইরান কুয়েতের বিদ্যুৎ ও পানি উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছিলো বলে দেশটি আজ জানিয়েছে।
তবে, যুদ্ধবিরতির চুক্তি অকার্যকর হওয়ার পর এখনও মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক বার্তা আদান প্রদান চালিয়ে যাওয়া হচ্ছে বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়।
সূত্র : বিবিসি।



