ত্রিনিদাদ ও টোবাকোর কবরস্থানে ৫৬টি মরদেহের সন্ধান
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২:৪৬, ১৯ এপ্রিল ২০২৬
ভেনেজুয়েলার উত্তরে অবস্থিত এ দ্বীপ রাষ্ট্রটিতে করোনা মহামারির সময় থেকে হত্যাকাণ্ডের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যায়।
ক্যারিবীয় অঞ্চলের দেশ ত্রিনিদাদ ও টোবাকোর একটি কবরস্থানে ৫৬টি মৃতদেহের সন্ধান পেয়েছে পুুলিশ। মরদেহের মধ্যে অধিকাংশই শিশুদের। এ ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দেশটি আইন প্রয়োগকারী সংস্থা।
ত্রিনিদাদ ও টোবাকোর রাজধানী পোর্ট অব স্পেন থেকে ৪০ কিলোমিটার দূরের শহর কোমুটোতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই পুলিশ ওই এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে সেখানে ফরেনসিক পরীক্ষার জন্য বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে।
গতকাল শনিবার এক বিবৃতিতে ত্রিনিদাদ ও টোবাকোর পুলিশ বাহিনী থেকে এসব তথ্য প্রকাশ করা হয়। কবরটি থেকে ৫০ শিশুসহ ৪ পুরুষ ও ২ জন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কমপক্ষে একজন নারী ও একজন পুরুষের দেহে ময়নাতদন্ত করার প্রমাণ পাওয়া গেছে।
এ বিষয়ে প্রকাশিত বিবৃতিতে একে খুবই অস্বস্তিকর পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন পুলিশ কমিশনার অ্যালিস্টার গুয়েভাররো। তিনি বলেন, ‘উদ্ধারকাজের এ ঘটনাটি খুবই অস্বস্তিকর এবং এ ঘটনার কি ধরনের প্রভাব নিহত এসব ব্যক্তির পরিবার তথা পুরো দেশের উপর পড়েছে, আমরা তা বুঝতে পারছি।’
এ অবস্থায় স্পর্শকাতর এ বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে সতর্ক করেন তিনি।

এদিকে, মূলত নাম-পরিচয়হীন মরদেহগুলোই এভাবে আইন বর্হিভূতভাবে বেওয়ারিশ হিসেবে কবর দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে বর্তমানে তদন্তকাজ চলমান রয়েছে এবং এর ফলাফলের ভিত্তিতে মূল কারণ উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ভেনেজুয়েলার উত্তরে অবস্থিত এ দ্বীপ রাষ্ট্রটিতে করোনা মহামারির সময় থেকে হত্যাকাণ্ডের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। ২০২০ সালে করোনা মহামারির প্রকোপ শুরুর বছরে দেশটির প্রতি ১ লাখ জনগণের মধ্যে প্রায় ২০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
২০২৪ সালে এ সংখ্যা প্রতি ১ লাখে বেড়ে দাঁড়ায় ৪৫ দশমিক ৭টিতে, যা ছিলো ওই সময়ের মধ্যে সর্বোচ্চ। তবে, ২০২৫ সালে তা কিছুটা কমে প্রতি লাখে ২৭টিতে নেমে আসে।
সূত্র : আল-জাজিরা।



