অন্যান্য

ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সভা আহ্বান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৯, ১৯ মে ২০২৬;  আপডেট: ০০:২৭, ২০ মে ২০২৬

ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১

ভাইরাসটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়া নিয়ে চরম আশঙ্কার কথা জানিয়েছেন ডব্লিউএইচও`র পরিচালক।

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ১৩১ এ পৌঁছেছে। দেশটিতে এ পর্যন্ত ৫১৩ জন আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা।

এ পরিস্থিতিতে আজ মঙ্গলবার ইবোলা সংক্রান্ত জরুরি সভা আহ্বান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একইসঙ্গে, সারা বিশ্ব থেকে এ বিষয়ের বিশেষজ্ঞদের নিয়ে একটি জরুরি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা ডব্লিউএইচও প্রধানকে ইবোলা সংক্রান্ত কৌশলগত পরামর্শ দিবেন এবং বিভিন্ন প্রয়োজনীয় সুপারিশ করবেন বলে জানানো হয়।

ডিআরসির প্বার্শবর্তী দেশ উগান্ডাতেও ভাইরাসটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এ বিষয়েও আজ তাদের আশঙ্কার কথা জানিয়ে ডব্লিউএইচও প্রধান বলেন, ‘ভাইরাসটি যে পরিমাণে ও যে গতিতে ছড়িয়ে পড়ছে, তা নিয়ে আমরা খুবই শঙ্কিত।’ 

এদিকে, দক্ষিণ সুদান, ডিআরসি ও উগান্ডা থেকে আসা যেকোনো ব্যক্তির জন্য আগামী ৩০ দিন সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাহরাইন। আজ দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা থেকে এ তথ্য জানানো হয়েছে। 

বর্তমানে ভাইরাসটির ছড়িয়ে পড়া বান্ডিবুগয়ো নামের ধরনটির কোনো টিকা এখনও আবিষ্কৃত হয়নি। তবে, আজকে অনুষ্ঠেয় সভায় এর টিকা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ডিআরসি ও উগান্ডা সীমান্তে এক মোটরসাইকেল চালকের হাত পরিষ্কার করছেন এক স্বাস্থ্যকর্মী।

এ ক্ষেত্রে, ইবোলার আগের ধরন জাইরি দমনে ইরভেবো নামের একটি টিকা ব্যবহার করা হয়েছিলো। এর কিছু প্রোটিন বর্তমান ধরনটি বিরুদ্ধে কাজ করেছে। সম্প্রতি প্রাণিদেহে চালানো গবেষণা থেকে এ তথ্য পাওয়া গেছে। 

ফলে, এ নিয়ে শিগগিরই কাজ শুরু করা হবে বলে আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার বিজ্ঞান বিভাগের পরিচালক ও চিকিৎসক মোসোকা ফাল্লাহ আশ্বস্ত করেন। তিনি বলেন, ‘পরিস্থিতি যখন আশঙ্কাজনক, তখন আমরা বসে থাকতে পারি না। আমাদের দ্রুতই এর একটি সমাধান খুঁজে বের করতে হবে।’

এদিকে, এরইমধ্যে ডিআরসির ইতুরি প্রদেশে স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, ব্যক্তিগত প্রতিরোধ ব্যবস্থা (পিপিই) ও ভাইরাস পরীক্ষার উপকরণসহ মোট ১২ টন মেডিকেল সরঞ্জামাদি পাঠানো হয়েছে বলে ডব্লিউএইচও থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ইবোলা সংক্রমণে ৩৫০ জন আক্রান্ত ও ৯১ জনের প্রাণহানির পর একে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও। বর্তমানে ইবোলার মূল কেন্দ্র ডিআরসির ইতুরি প্রদেশ থেকে ভাইরাসটি এর সীমান্তবর্তী উগান্ড ছাড়াও দক্ষিণ সুদানেও ছড়িয়ে পড়েছে।

এ প্রদেশটি স্বর্ণখনি উত্তোলনের প্রধান কেন্দ্র হওয়ায় প্বার্শবর্তী এ দেশ দুটি থেকে প্রতিনিয়ত সীমান্ত পাড়ি দিয়ে মানুষ আসা-যাওয়া করে। এটিই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ডিআরসি থেকে ইবোলা সংক্রমিত এক মার্কিন নাগরিককে জার্মানির হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেছেন। গতকাল সোমবার যুক্তরাষ্ট্র থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।

সূত্র : আল-জাজিরা।