রাজনীতি

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত

ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত

প্রথমবারের মতো সেনা নিহতের খবর দিলো যুক্তরাষ্ট্র

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৫, ২ মার্চ ২০২৬;  আপডেট: ০৪:০৫, ২ মার্চ ২০২৬

ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত

গতকাল ইরানের গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালায় ইসরায়েল।

ইরানে গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা গতকাল রবিবারও অব্যাহত ছিলো। গতকাল ইরানের গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালায় ইসরায়েল। পাল্টা হামলার চালিয়ে এর জবাব দেয় ইরান।

এ সংঘাতে প্রথমবারের মতো গতকাল তিন মার্কিন সেনা সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো ইরানি এ হামলায় আরও পাঁচ সেনা সদস্য মারাত্মকভাবে আহত হয়। মার্কিন সেনাবাহিনী থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে, ইরানে তাদের চালানো হামলায় পরিকল্পনার চেয়েও বেশি অগ্রগতি হয়েছেও বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় মার্কিন সেনাবাহিনী ইরানের নৌবাহিনীর নয়টি নৌযান ধ্বংস করে ডুবিয়ে দিতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে, গত শনিবার ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলায় ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলি খামিনির মৃত্যু হয়। এ হামলায় একইসঙ্গে ইরানের সেনাবাহিনী প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রীও নিহত হন বলে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ নিশ্চিত করে।

মূলত, এর পর পরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালাতে থাকে ইরানের সশস্ত্র বাহিনী দ্য ইরানিয়ান রেভু্্যলশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।

এসব হামলায় সংযুক্ত আরব-আমিরাতে (ইউএই) এ পর্যন্ত ৩ জন এবং কুয়েতে ১ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় ইরানে নিজেদের দূতাবাস বন্ধ ঘোষণা করাসহ তাদের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে এনেছে ইউএই।  

ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলায় শিশুসহ কমপক্ষে ১৫৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এদিকে, ইসরায়েলের তেল-আবিবে সেনা ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালায় ইরান। এছাড়া, ইসরায়েলের বেইত শেহমেশ নামের শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়। 

অন্যদিকে, ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলায় শিশুসহ কমপক্ষে ১৫৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানি কর্তৃপক্ষ।

এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করেছে ইরান। একইসঙ্গে, খুব শিগগিরই আরেকজন ধর্মীয় নেতা নির্বাচিত করা হবে বলেও নিশ্চিত করে দেশটি।

এছাড়া, বর্তমানে আয়তুল্লাহ আলি খামিনির মৃত্যুর প্রতিশোধ নেওয়া তাদের বৈধ দায়িত্ব ও অধিকার বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান।

বর্তমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে নতুন করে আলোচনার বিষয়ে এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে, এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি তিনি। 

সূত্র : বিবিসি, সিএনএন, ডয়চে ভেলে, আল-জাজিরা।