রাজনীতি

ভেনেজুয়েলায় আবারও দূতাবাস চালু করলো যুক্তরাষ্ট্র

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২২:৫৬, ৩১ মার্চ ২০২৬;  আপডেট: ২৩:১৮, ৩১ মার্চ ২০২৬

ভেনেজুয়েলায় আবারও দূতাবাস চালু করলো যুক্তরাষ্ট্র

কারাকাসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর দূতাবাস ভবনে মার্কিন পতাকা ওড়ানো হয়।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আনুষ্ঠানিকভাবে দূতাবাস চালু করেছে যুক্তরাষ্ট্র। ২০১৯ সালের মার্চ মাসের পর এবারই প্রথম এ উদ্যোগ নিলো দেশটি। গতকাল সোমবার মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। 

এ বিষয়ে প্রকাশিত এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘আজকে আমরা কারাকাসে মার্কিন দূতাবাস চালুর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম শুরু করেছি। এর মধ্য দিয়ে ভেনেজুয়েলায় আমাদের নতুন যাত্রা শুরু হলো।’

এতে আরও বলা হয়, ‘কারাকাসে মার্কিন দূতাবাস চালুর ঘটনা ভেনেজুয়েলা নিয়ে প্রেসিডেন্টের তিন ধাপের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে একটি প্রধান মাইলফলক। এর মধ্য দিয়ে আমাদের পক্ষে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার, নাগিরক সমাজ এবং বেসারিক খাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়া সম্ভব হবে।’

নতুন চালু হওয়া এ দূতাবাসে সাবেক এক বিজ্ঞ ক‍ূটনীতিক লরা এফ. দোগুকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি হন্ডুরাস ও নিকারাগুয়াতে দায়িত্ব পালন করেছেন। 

ভেনেজুয়েলায় এ দায়িত্ব পালনে জানুয়ারির শেষভাগেই তিনি দেশটিতে এসে পৌঁছেন। পরবর্তীতে চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলা সরকারের সঙ্গে আলোচনার পর মার্চের মাঝামাঝি দূতাবাসের ভবনে মার্কিন পতাকা ওড়ানো হয়।

মূলত, দেশটির সঙ্গে আবারও আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর প্রতীক হিসেবেই এ উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। তবে, দীর্ঘ ৭ বছর ভবনটি অব্যবহৃত থাকায় বর্তমানে দূতাবাসের বিদেশী নাগরিক সম্পর্কিত কার্যক্রম পরিচালনাকারী অংশটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।  

ফলে, রাষ্ট্রদূত দোগু তার দল নিয়ে কার্যক্রম পুরোপুরিভাবে চালু করতে ভবনটি ব্যবহারের উপযোগী করছেন। তবে, এরইমধ্যে দূতাবাসের কূটনীতি-সংক্রান্ত অংশের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। 

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর পরই ভেনেজুয়েলায় মার্কিন দূতাবাস বন্ধ করে দেন। মূলত, ২০১৮ সালের এক বিতর্কিত নির্বাচনে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জয়ী হওয়ার কারণেই এ সিদ্ধান্ত নেন তিনি।

তবে, চলতি বছরের জানুয়ারি মাসে মাদক চোরাচালানের অভিযোগ এনে এক সামরিক অভিযানের মাধ্যমে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। এ ঘটনার পর ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলচে রদ্রিগেজের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে যুক্তরাষ্ট্র।

সূত্র : ডয়চে ভেলে।