ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের হুশিয়ারি
‘আজ রাতে পুরো জাতি নিশ্চিহ্ন হয়ে যাবে’
রাজনীতি ডেস্ক
প্রকাশিত: ২২:২৪, ৭ এপ্রিল ২০২৬; আপডেট: ২২:৫২, ৭ এপ্রিল ২০২৬
ইরানের জন্য আজ মার্কিন স্থানীয় সময় রাত আটটায় হরমুজ প্রণালী খুলে দেওয়ার ‘সর্বশেষ’ সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন ট্রাম্প। ছবি : বিবিসি।
পুরো ইরানি সভ্যতা নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বেধে দেওয়া সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে আজ রাতের মধ্যে পুরো ইরানি জাতিকে মরতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার মার্কিন স্থানীয় সময় রাতে ট্রাম্পের বেধে দেওয়া সময় শেষ হতে যাচ্ছে। এর আগেই ইরানকে হুশিয়ারি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা পাঠান তিনি। এতে ট্রাম্প বলেন, ‘পুরো জাতি আজ রাতে এমনভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে যে তাদের আর কখনোই ফিরিয়ে আনা যাবে না। আমি এটা করতে চাই না, কিন্তু মনে হচ্ছে যে আমাকে এটাই করতে হবে।’
ইরানের জন্য আজ মার্কিন স্থানীয় সময় রাত আটটায় হরমুজ প্রণালী খুলে দেওয়ার ‘সর্বশেষ’ সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন ট্রাম্প।
এর আগে গত দুই সপ্তাহ ধরেই তিনি ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রের মতো বিভিন্ন অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে আসছেন। মূলত, তার শর্ত পূরণ না হলে তিনি এসব উদ্যোগ নিতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে, আজকে নতুন করে ইরানকে দেওয়া ট্রাম্পের এ হুমকির ব্যাপক সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের বিরোধী ডেমোক্রেটিক দল। খুব দ্রুত এ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে এক সিনেটর সামাজিক মাধ্যম এক্সে লিখেন, ‘প্রতিটি রিপাবলিকান, যারা আমাদের সঙ্গে একমত না হয়ে বরং ভয়াবহ এ যুদ্ধের বিরুদ্ধে ভোট দিতে অস্বীকৃতি জানিয়েছেন, তাদের সবাই এর মারাত্মক ফল ভোগ করবেন।’
এ অবস্থায় পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেওয়ার আগেই তা বন্ধে কংগ্রেসকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডেমোক্রেটরা। তবে, ট্রাম্পের ইরান হামলা ঠেকাতে গত মাসে কংগ্রেস থেকে এ সংক্রান্ত একটি আইন পাসের চেষ্টা হলেও তা করতে ব্যর্থ হয় মার্কিন সংসদ।

অন্যদিকে, ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আগে সিনেটরদের সম্মতি নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি দেশের সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়। তবে, এর ফলে যুদ্ধ ঘোষণার ক্ষমতা পায় কংগ্রেস।
এদিকে, আজ ইরানের বিরুদ্ধে নাটকীয় ওই হুমকির পরও এ যুদ্ধের কূটনৈতিক সমাধানের আশা প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘হয়তো বৈপ্লবিক দারুণ কিছু হতে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আজ রাতেই আমরা জানতে পারবো যে এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও জটিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে কিনা। তা যদি হয়, তাহলে এর মধ্য দিয়ে শেষ পর্যন্ত বিগত ৪৭ বছরের অবৈধ দখলদারিত্ব, দুনীর্তি এবং হত্যাকাণ্ডের সমাপ্তি ঘটতে যাচ্ছে। ইরানের অসাধারণ মানুষদের ঈশ্বর রক্ষা করুন।’
তবে, ট্রাম্পের এসব হুমকির বিষয়ে ভীত নয় ইরান। এমনকি, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া শর্তও মানতে নারাজ দেশটি। বরং, যুক্তরাষ্ট্র আঘাত করলে তারা একই সমক্ষমতার সঙ্গে পাল্টা আঘাত করবে বলে হুশিয়ারি দিয়েছে ইরান।
উল্লেখ্য, ইরানিরা হাজার বছরের পুরোনো ঐতিহাসিক পারস্য সভ্যতার উত্তরাধিকারী। এটি মানব জাতির ইতিহাসের একটি অত্যন্ত প্রভাবশালী সভ্যতা হিসেবে বিবেচিত।
সূত্র : আল-জাজিরা।



