স্বদেশ

ইসরায়েল-ইরান সংঘাত

বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা

প্রকাশিত: ২১:১৫, ৪ মার্চ ২০২৬;  আপডেট: ২১:২৪, ৪ মার্চ ২০২৬

বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা

বর্তমান পরিস্থিতিতে জনগণকে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়েছে সরকার।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে সারা বিশ্বে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকার। দেশের স্বার্থে সকলকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। 

আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে এ বিষয়ক জরুরি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জ্বালানির সম্ভাব্য উৎসগুলো থেকে কাঙ্ক্ষিত পরিমাণে ও সঠিক সময়ে জ্বালানির সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানানো হয়। 

এর ফলে দেশের অভ্যন্তরে বর্তমান চাহিদা অনুসারে জ্বালানি সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বা সরবরাহ কমতে পারে বা সাময়িক সমন্বয় করার প্রয়োজন হতে পারে। যার প্রভাবে বিদ্যুৎ ও সারের উৎপাদন কিছুটা কমতে পারে।

এ পরিসস্থিতিতে পবিত্র মাহে রমজানে জনদুর্ভোগ কমাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে বিভিন্ন  নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। 

এ ক্ষেত্রে জনগণকে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। এ ছাড়া সব ধরনের আলোকসজ্জ্বা পরিহার করারও নির্দেশনা দেওয়া হয়েছে। 

একইসঙ্গে, ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের অনুরাধ জানানো হয়েছে। এ ছাড়া, খোলা বাজারে ডিজেল, পেট্রোল বিক্রি না করতে ব্যবসায়ীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, জ্বালানি পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশকে অনুরোধ জানানো হয়েছে ।

এ ছাড়া, বৈশ্বিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব ন্যূনতম পর্যায়ে রাখতে মন্ত্রণালয় ইতোমধ্যে সম্ভাব্য সকল ব্যবস্থা নিয়েছে বলে সভায় জানানো হয়। জ্বালানি সংগ্রহ স্বাভাবিক রাখতে সব উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। 

সাময়িক সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগুলো সফল করতে জনগণকে ধৈর্য ধরে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিপিসি’র চেয়ারম্যান, পিডিবি’র চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বিএসএস। 

সূত্র : বিএসএস।