স্বদেশ

ঈদ উপলক্ষে শপিংমল ও দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

স্বদেশ ডেস্ক

প্রকাশিত: ০০:৩৭, ১৩ মে ২০২৬;  আপডেট: ০০:৪৩, ১৩ মে ২০২৬

ঈদ উপলক্ষে শপিংমল ও দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

সারাদেশে একযোগে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ছবি : বাসস।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। গতকাল রাত সোয়া ৯টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

গতকাল মঙ্গলবার থেকে ঈদ পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে বলে জানানো হয়। এ সময়ে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত প্রতিষ্ঠানগুলো খোলা রাখা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

জনসাধারণের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে, এ সিদ্ধান্ত কার্যকর করতে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশনা জারির ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

তবে এ সময় কোনো প্রকার আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

এর আগে, গত ৪ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর কাছে সময় বাড়ানোর আবেদন করেছিল দোকান মালিক সমিতি। এ সময় আসন্ন ঈদুল আজহার আগ পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত খোলা রাখার দাবি জানায় তারা।

সূত্র : বাসস ও প্রথম আলো।