আইআরজিসিকে সন্ত্রাসবাদী সংগঠন অ্যাখ্যা
ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের তলব করলো ইরান
রাজনীতি ডেস্ক
প্রকাশিত: ০১:০৯, ৩ ফেব্রুয়ারি ২০২৬
সংসদে আইআরজিসি এর ইউনিফর্ম পরে সংহতি প্রকাশ করেন ইরানের আইনপ্রণেতারা।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর রাষ্ট্রদূতদের গতকাল সোমবার তলব করেছে ইরান। দেশগুলো ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নামের সংগঠনটিকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ হিসেবে অ্যাখ্যা দেয়। দেশগুলোর এ আচরণের প্রতিবাদ জানাতেই রাষ্ট্রদূতদের তলব করে ইরান।
তবে এটি তাদের ‘সবচেয়ে কম’ প্রতিক্রিয়া এবং ভবিষ্যতে আবারও এ ধরনের কোনো ঘটনা ঘটলে আরও তীব্র প্রতিক্রিয়া দেখানো হবে বলে উল্লেখ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
সম্প্রতি ইরান সরকারের বিরুদ্ধে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। এ সময় তাদের দমাতে সরকার শক্তি প্রয়োগ করলে বহু লোকের প্রাণহানি ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই গত সপ্তাহে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অ্যাখ্যা দেয় ইইউভুক্ত দেশগুলোর জোট।
এর পাল্টা জবাবে ইইউভুক্ত প্রতিটি দেশের সশস্ত্র বাহিনীকে ২০১৯ সালের আইনের আওতায় ‘সন্ত্রাসী দল’ বলে উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করে ইরান। গত রবিবার দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এ তথ্য জানান।
তবে, ইরানের এ উদ্যোগ প্রত্যাখ্যান করে ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র বলেন, ‘আমরা সেনাবাহিনীর তালিকা তৈরি এবং সন্ত্রাসবাদের অভিযোগ বিষয়ে ইরানের মন্তব্য প্রত্যাখ্যান করছি।’
এদিকে, ইরানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেশটির আইনপ্রণেতাদের আইআরজিসি এর ইউনিফর্ম পরে সংহতি জানাতে দেখা গেছে। এ সময় অনেককেই মুষ্ঠিবদ্ধ হাত উঁচু করে ‘আমেরিকা নিপাত যাক’, ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগান দিতে দেখা যায়।
উল্লেখ্য, সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচী ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনা তৈরি হয়েছে। এ ধরনের যেকোনো কর্মসূচী পুরোপুরি বন্ধ না করলে দেশটিতে হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে মার্কিন বিমানবাহী একটি রণতরী ইরানের জলসীমায় পৌঁছেছে বলেও জানা গেছে।
তবে, বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির পশ্চিমা এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে ইরান। বরং, দেশের নাগরিকের বিদ্যুতের চাহিদা মেটাতে তাদের নির্দিষ্ট মাত্রার তুলনায় কিছুটা বেশি ইউরেনিয়াম উৎপাদন করতে হয় বলে দাবি ইরানের। ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরির প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।
সূত্র : ডয়চে ভেলে।



