অর্থ ও বাণিজ্য

কেনিয়ায় বিমানবন্দর কর্মীদের অবরোধ

ফ্লাইটের শিডিউল বিপর্যয়

অর্থ ও বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ২২:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬;  আপডেট: ২২:২১, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

কেনিয়ায় বিমানবন্দর কর্মীদের অবরোধ

বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাত্রীদের বিমানবন্দরের উপস্থিত হওয়ার পরামর্শ দিয়েছে এভিয়েশন সংস্থা কেনিয়া এয়ারওয়েজ। 

কেনিয়ার দ্য জুমু কেনয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। বিমানবন্দরের কর্মীদের অবরোধের কারণে আজ সোমবার এ পরিস্থিতির সৃষ্টি হয়। 

রাজধানী নাইরোবিতে অবস্থিত এ বিমানবন্দরটি দেশটির ব্যবসা-বাণিজ্যসহ পর্যটকদের যাতায়াতের জন্য দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর।

এ অবস্থায় বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাত্রীদের বিমানবন্দরের উপস্থিত হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির অন্যতম প্রধান এভিয়েশন সংস্থা কেনিয়া এয়ারওয়েজ। 

সংস্থাটি থেকে বলা হয়, ‘বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি না জেনে উপস্থিত না হতে যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে।’

অবরোধের কারণে ফ্লাইটের শিডিউল বিপর্যয় হচ্ছে এবং খুব শিগগিরই তা ঠিক করা হবে বলে নিশ্চয়তা দিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে কর্মীদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানানো হয়।

এদিকে, গত সপ্তাহে আগামী সাত দিনের অবরোধ কর্মসূচীর ঘোষণা দিয়ে সব ধরনের কাজ থেকে নিজেদের বিরত রেখেছে কেনিয়ার এভিয়েশন ইউনিয়নের কর্মীরা। 

এক্ষেত্রে, কাজের উন্নত পরিবেশ, পর্যাপ্ত মজুরি এবং অন্যান্য সুবিধাদির দাবি জানান তারা। এ নিয়ে কেনিয়ার এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে ইউনিয়ন কর্মীদের দেনদরবার চলছে। এ সময়কালেই তারা কাজ থেকে নিজেদের বিরত রেখেছে বলে জানা যায়।

তবে, কর্মীদের পরিকল্পিত এ অবরোধ বাতিল করতে গত সপ্তাহে আদালত থেকে একটি স্থগিতাদেশ নেওয়ার উদ্যোগ নিয়েছিলো কেনিয়ার সিভিল এভিয়েশন।

তবে, এটি অবরোধে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে ইউনিয়নের সেক্রেটারি জেনারেল মস দিইমা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এটি একটি পরিপূর্ণ অবরোধ কার্যক্রম। কোনো ধরনের স্থগিতাদেশ আমাদের এ কাজ থেকে বিরত রাখতে পারবে না।’

সূত্র : ডয়চে ভেলে।